মোংলা নদীর ওপর দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, মোংলা নদীর ওপর দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে আগামী অক্টোবর থেকে কাজ শুরু হবে। এর ফলে ওই এলাকায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে মোংলা বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন মন্ত্রী বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। এ দেশের উন্নয়ন নিশ্চিত করতে আমরা কাজ করতে চাই। রাষ্ট্র ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে চাই, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এটাই বিএনপির রাজনীতি।
আরও পড়ুন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নেতা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম।
এর আগে হেলিকপ্টারযোগে মোংলা বন্দরে পৌঁছান মন্ত্রী। পরে তিনি মোংলা বিশেষ অর্থনৈতিক জোন, পশুর চ্যানেল ও আকরাম পয়েন্ট পরিদর্শন করেন।

