অতি ভারী বর্ষণে চট্টগ্রামে জনদুর্ভোগ, তলিয়ে গেছে সড়ক

জিটি রিপোর্ট

প্রকাশ:

বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা|ছবি: সংগৃহীত

টানা অতি ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় ভুগছে চট্টগ্রাম নগর। শনিবার রাতে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি রোববার দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় নগরের বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যায় এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

জলাবদ্ধতার কারণে চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা, কাতালগঞ্জ, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, জাকির হোসেন রোডের ইস্পাহানি গেইট, চান্দগাঁও বহদ্দারহাটের সমসেরপাড়াসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মস্থল ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভুঁইয়া জানান, রোববার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৪২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও সোমবার দুপুরের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

আরও পড়ুন: পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার, বাড়ছে দুর্ভোগ

এদিকে, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার পানিবন্দি পরিবারের মাঝে রোববার দুপুরে ত্রাণসামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!