মুন্সিগঞ্জের গজারিয়ায় আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন, সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতুর নির্মাণস্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ফুলদী নদীতে দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন।
শনিবার (২০ জুন) সকালে সফরের শুরুতে তিনি ভবেরচর বাজারে নবনির্মিত আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘের জমি বরাদ্দের প্রস্তাব নাকচ করল বাংলাদেশ
চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট দুইতলা এ ভবনে নিচতলায় আধুনিক কাঁচাবাজার এবং ওপরের তলায় মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান থাকবে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য পৃথক দোকান, সোলার প্যানেল, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন নাগরিক সুবিধা রাখা হয়েছে।
পরে মন্ত্রী ব্র্যাক অফিস-ইমামপুর ইউনিয়ন (ইউনুস শিকদার) সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের আওতায় সড়কের প্রথম দুই কিলোমিটার অংশ উন্নয়ন করা হবে।
এরপর তিনি রসুলপুর বাজারসংলগ্ন ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সরকারের পরিকল্পনায় এ নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরানো হবে বেনজীরকে: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

