পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে জহির উদ্দিন স্বপনকে কমিটির সভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
সংসদীয় কমিটির সভাপতি পদে আগে দায়িত্ব পালন করেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পদটি শূন্য হয়। পরে ওই পদে জহির উদ্দিন স্বপনকে দায়িত্ব দেওয়া হলো।
আরও পড়ুন: রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি
এর আগে জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) করা হয়। এবার নতুন দায়িত্ব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেলেন তিনি।
জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর তাঁর নির্বাচনী এলাকা বরিশাল-১ আসনে দলীয় নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে নতুন দুটি দায়িত্ব পাওয়ায় তাঁদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

