প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো হালনাগাদ অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তার অফিস থেকে আপনারা জানতে পারবেন।’
আরও পড়ুন: বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চলতি মাসে সরকারপ্রধানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে প্রধানমন্ত্রীর সফরের আগে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ।
ঢাকার পক্ষ থেকে চাওয়া হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত পাঠানো এবং সন্দেহভাজন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের প্রত্যর্পণ করা।
তারেক রহমানের সফর নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেওয়া বার্তার জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

