দেশের প্রতিটি উপজেলায় আধুনিক মাল্টিপারপাস পরীক্ষা হল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে মন্ত্রণালয়ের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “মাঠ পর্যায়ে শিক্ষাব্যবস্থার নানা সমস্যা উঠে এসেছে। বিশেষ করে অনেক এলাকায় উপযুক্ত পরীক্ষা হল না থাকায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। এ সমস্যা সমাধানে প্রতিটি উপজেলায় আধুনিক মাল্টিপারপাস পরীক্ষা হল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
আরও পড়ুন: প্রাথমিকের ১৪ হাজার ৩০০ শিক্ষককে শিগগির শর্তসাপেক্ষে নিয়োগ: শিক্ষামন্ত্রী
তিনি আরও জানান, এসব হল কেবল পরীক্ষার জন্যই নয়; প্রয়োজনে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম ও সামাজিক অনুষ্ঠান আয়োজনেও ব্যবহার করা যাবে। এর ফলে অবকাঠামোগত ঘাটতি অনেকাংশে কমে আসবে।
মন্ত্রী বলেন, “জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তাবের ভিত্তিতেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার শিক্ষার মানোন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে গুরুত্ব দিচ্ছে।”
দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে শিক্ষার্থীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

