সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সেফ এক্সিট নয়, বিচার দাবি এনসিপির

জিটি রিপোর্ট

প্রকাশ:

মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি
মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি|ছবি: সংগৃহীত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে অসুস্থতার বিষয়টি এমনভাবে তুলে ধরেছেন, যাতে তাকে ‘সেফ এক্সিট’ দেওয়ার সুযোগ তৈরি হয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

আরও পড়ুন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

এনসিপির সদস্য সচিবের দাবি, জুলাই গণহত্যার পরও যদি মো. সাহাবুদ্দিন দায়মুক্তি পান, তাহলে বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হবে। তাই তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিবাদের দোসর’ উল্লেখ করে আখতার হোসেন বলেন, তাকে বিচারের আওতায় আনা না হলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের বিচার অপূর্ণ থেকে যাবে।

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদে থাকায় এতদিন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পদত্যাগের পর তার আর কোনো আইনগত দায়মুক্তি নেই। তাই বিলম্ব না করে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!