চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি মেরামত ও সংস্কারকাজের জন্য শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ-১-এর নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান দ্য জেনারেশন টুডেকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সারা দেশে অবৈধ মজুতকৃত ৩,৭২,৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার
তিনি জানান, শিবগঞ্জ ৩৩ কেভি লাইনের উন্নয়নমূলক ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থেই এই সাময়িক বিরতি প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে সেজন্য জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি মেরামতের জন্য শনিবার (৪ এপ্রিল) ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ভোলা অফিস থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশে বর্তমানে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত আছে
নোটিশে বলা হয়, জরুরি কাজের জন্য ভোলা সদর উপজেলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড়, নবীপুর এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটবে।
নোটিশে আরও বলা হয়, সংস্কারকাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হতে পারে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

