চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত সংখ্যক নেতা-কর্মী ও অতিথি মঞ্চে ওঠায় মঞ্চ ধসে পড়ে। এ ঘটনায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে উপস্থিত কয়েকজন জনপ্রতিনিধি নিচে পড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর বিপুলসংখ্যক নেতা-কর্মী ও অতিথি একসঙ্গে মঞ্চে উঠে পড়েন। এতে অতিরিক্ত চাপে মঞ্চটি ধসে পড়ে।
এ সময় অর্থমন্ত্রীর পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ উপস্থিত নেতারা নিচে পড়ে যান। তবে সবাই নিরাপদে উঠে আসেন এবং কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার পর অর্থমন্ত্রী পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেন।
আরও পড়ুন: শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর
এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় ঠেলাঠেলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, "মন্ত্রী ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে মঞ্চটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই নিচে পড়ে গেলেও কেউ আহত হননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করা হয়।"
ত্রাণ নিতে গিয়ে আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, "মন্ত্রী চলে যাওয়ার পর হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।"

