বাংলাদেশ ব্যাংক

দেশে সাইবার হামলার ঝুঁকি নেই, সব ব্যাংকের ওয়েবসাইট স্বাভাবিক

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক|ছবি: ফাইল ছবি

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতার মধ্যে টানা তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকসহ দেশের ব্যাংকগুলোর ওয়েবসাইট। বর্তমানে ওয়েবসাইটগুলো স্বাভাবিকভাবে সচল রয়েছে। পাশাপাশি পরবর্তী সংস্করণে হালনাগাদের কাজও চলছে। নিরাপত্তা জোরদারে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গত ২২ অক্টোবর থেকে ওয়েবসাইটগুলো বন্ধ রাখা হয়েছিল। পরে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পর সেগুলো পুনরায় চালু করা হয়।

রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ওয়েবসাইট চালুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৮টা থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল রয়েছে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোও নিজেদের ওয়েবসাইট ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে।

আরও পড়ুন: শিক্ষককে বাঁচাতে সত্য গোপন করলে ক্ষতিগ্রস্ত হবে পুরো মাদরাসা ব্যবস্থা: আহমাদুল্লাহ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা গবেষণা সংস্থা বিডি সার্চের পরামর্শে গত ২২ অক্টোবর এ পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানা গেছে। ওই সময় দেশের ব্যাংকগুলোও নিজ নিজ প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে এবং সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এদিকে ওয়েবসাইট বন্ধ থাকার সময়ও বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সংযোগ এবং আর্থিক লেনদেন স্বাভাবিক ছিল বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ফলে ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার সঙ্গে ব্যাংকিং সেবা কিংবা আর্থিক লেনদেন বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক ছিল না।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ২২৪৯

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং খাতে ডিজিটাল সেবার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইট, সফটওয়্যার, তথ্যভাণ্ডার ও নেটওয়ার্কের নিরাপত্তা নিয়মিত পর্যালোচনা করা জরুরি। শুধু সফটওয়্যার হালনাগাদ করলেই সব ধরনের ঝুঁকি দূর হয় না। এর পাশাপাশি প্রযুক্তিগত দুর্বলতা শনাক্ত করা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, নিয়মিত নিরাপত্তা পরীক্ষা এবং সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলায় প্রস্তুতি রাখাও প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকসহ দেশের ব্যাংকগুলোর ওয়েবসাইট পুনরায় চালু হওয়ায় অনলাইন তথ্যসেবা স্বাভাবিক হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তাব্যবস্থার ধারাবাহিক উন্নয়ন এবং সমন্বিত নজরদারি বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!