জুন মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। একই সঙ্গে কমেছে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতের মূল্যস্ফীতিও। সোমবার (৬ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। এর আগের মাস মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।
খাদ্য মূল্যস্ফীতিও জুনে শূন্য দশমিক ৪৬ শতাংশ পয়েন্ট কমে ৮ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কমেছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৭১ শতাংশ, যা জুন মাসে শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট কমে ৯ দশমিক ৬১ শতাংশে নেমে এসেছে।
আরও পড়ুন: দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার
গ্রামাঞ্চলে জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৫ শতাংশ পয়েন্ট কমে ৯ দশমিক ২৩ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৫২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে, শহরাঞ্চলে জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৪ শতাংশ পয়েন্ট কমে ৯ দশমিক ০১ শতাংশ হয়েছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশ।
এদিকে ১২ মাসের চলমান গড় মূল্যস্ফীতিতেও কমেছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। আগের বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত এ হার ছিল ১০ দশমিক ০৩ শতাংশ। ফলে আগের বছরের তুলনায় বার্ষিক গড় মূল্যস্ফীতি কিছুটা কমেছে।
আরও পড়ুন: ১২ পিটিআইয়ে ডিপিএড ২য় সেমিস্টারে ভর্তি ২০ জুলাইয়ের মধ্যে
চলতি অর্থবছরের শুরুতে টানা কয়েক মাস মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে গত ফেব্রুয়ারিতে ৯ শতাংশের ঘরে পৌঁছেছিল। তবে মার্চে তা কিছুটা কমে ৮ শতাংশের ঘরে নেমে আসে। পরে এপ্রিল মাসে আবার বেড়ে ৯ দশমিক ০৪ শতাংশে দাঁড়ায়। সর্বশেষ জুন মাসেও মূলস্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে।

