সেপ্টেম্বর মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস আগস্টে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশীয় পয়েন্ট।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এ হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।
আরও পড়ুন: চূড়ান্ত প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ
তবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কম রয়েছে। গত বছরের একই মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি শূন্য দশমিক ০২ শতাংশীয় পয়েন্ট কমেছে।
তবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এবার খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেশি। গত বছরের একই সময়ে এ খাতে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।
সব মিলিয়ে আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। একই সময়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি বাড়লেও খাদ্যবহির্ভূত খাতে সামান্য কমেছে।

