আন্দোলনে বক্তব্য দেওয়ার অভিযোগে মাইলস্টোনের সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি

জিটি রিপোর্ট

প্রকাশ:

রুবাইয়া মেহজাবিন সুহি
রুবাইয়া মেহজাবিন সুহি

এইচএসসি পরীক্ষা ঘিরে চলমান আন্দোলনকে কেন্দ্র করে বক্তব্য দেওয়ার অভিযোগে মাইলস্টোন কলেজের সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় এ জিডি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ওই শিক্ষার্থী কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নেওয়ার পরও মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে বক্তব্য দিয়েছেন, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

আরও পড়ুন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ৬ কর্মকর্তা, আবেদন ২৮ জুলাই পর্যন্ত

জিডিতে মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম উল্লেখ করেন, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে কলেজের বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে তিনি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের কোনো পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই।

জিডিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। তিনি শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জিডিতে অভিযোগ করা হয়।

আরও পড়ুন: ঐতিহাসিক সেই নীল জার্সি পরেই ইংল্যান্ডকে হারাল আর্জেন্টিনা

এ পরিস্থিতিতে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ভবিষ্যতের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!