রাজধানীর একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অচেতন অবস্থায় আটকা পড়ে ছিল নিরব বিশ্বাস নামে এক শিক্ষার্থী। বিষয়টি জানার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা ও পুলিশের পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পোস্তগোলায় উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের বাথরুমের দরজা দীর্ঘসময় ভেতর থেকে বন্ধ রয়েছে। ভেতরে সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থী আটকে রয়েছে এবং তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে নিগার সুলতানা নামে একজন জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়।
আরও পড়ুন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ৬ কর্মকর্তা, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
পরে পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি দল সেখানে উপস্থিত হয় এবং দরজা ভেঙ্গে শিক্ষার্থীকে উদ্ধার করে। উদ্ধারের পর ওই শিক্ষার্থী জানায়, স্কুলের টয়লেটে প্রবেশের পর অজ্ঞান হয়ে যায়।
উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

