বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে আইনানুগ ব্যবস্থা

জিটি ডেস্ক

প্রকাশ:

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন বা টিউশন ফি আদায় না করতে নির্দেশনা জারি করে মাউশি
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন বা টিউশন ফি আদায় না করতে নির্দেশনা জারি করে মাউশি|ছবি: সংগৃহীত

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন বা টিউশন ফি আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

রবিবার (১৭ মে) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পাঠানো এ সংক্রান্ত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

গত ১৩ মে স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, সব মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। সরকারি অনুদানপ্রাপ্ত ও শিক্ষাবোর্ডের অধিভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন বা টিউশন ফি আদায় করতে পারবে না।

আরও পড়ুন: ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন ১৪ জুন পর্যন্ত

নির্দেশনায় আরও বলা হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সরকারি অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছে মাসিক বেতন দাবি করতে পারবে না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: স্নাতক পড়ুয়াদের উপবৃত্তি দেবে সরকার, আবেদন ১৭ মে—১৪ জুন

নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!