দালালমুক্ত সেবা নিশ্চিত করতে কঠোর বার্তা শিক্ষা বোর্ডের

জিটি রিপোর্ট

প্রকাশ:

৮ হাজার আবেদন নিষ্পত্তি
৮ হাজার আবেদন নিষ্পত্তি|ছবি: সম্পাদিত

শিক্ষার্থীদের নিজ নাম, পিতা-মাতার নাম এবং জন্মতারিখ বা বয়স সংশোধন সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার জন্য সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

একই সঙ্গে প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কাউকে কোনো অর্থ প্রদান না করার জন্য আবেদনকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

বুধবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাম ও বয়স সংশোধন সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ড নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলোও অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দ্রুত নিষ্পত্তির কাজ চলছে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

বোর্ড জানায়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র আবেদন দ্রুত অনুমোদন করিয়ে দেওয়ার কথা বলে আবেদনকারীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে। এতে অনেক শিক্ষার্থী ও অভিভাবক আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন।

ঢাকা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, নাম ও বয়স সংশোধনের পুরো প্রক্রিয়া নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন হচ্ছে। কোনো সমস্যা, তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলে আবেদনকারীদের সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!