দেশে ৩৪,১২৯ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ শিক্ষক আছেন: শিক্ষামন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন|ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যেখানে ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক ও ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

তিনি আজ (৮ এপ্রিল) সংসদে সরকারি দলের সংসদ সদস্য (কুমিল্লা-২) মো. সেলিম ভূইয়ার  টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে

তিনি জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদী ও নীতিনির্ধারণী বিষয়। এ ধরনের সিদ্ধান্ত কেবল শিক্ষা মন্ত্রণালয়ের একক এখতিয়ারভুক্ত নয়; বরং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা ও জাতীয় বাজেটের সঙ্গে এটি ওতপ্রোতভাবে সম্পৃক্ত। 

প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ১৮ হাজার ৫৭৮টি স্কুলে ২ লাখ ৬৫ হাজার ৬৭৮ জন শিক্ষক ও ৯৬ হাজার ৮৯২ জন কর্মচারী; ১ হাজার ৪৯৩টি স্কুল অ্যান্ড কলেজে  ৫৯,৭৯৭ জন শিক্ষক ও ২০ হাজার ৭৮২ জন কর্মচারী  এবং ২ হাজার ৭৩৮টি কলেজে ৮৬ হাজার ৬৪৬ জন শিক্ষক ও ৩১ হাজার ৯৫৬ জন কর্মচারী রয়েছেন।

আরও পড়ুন: শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে

৯ হাজার ২৯৩টি মাদ্রাসায় ১ লাখ ৬৪ হাজার ৩৭১ জন শিক্ষক ও ৪৫ হাজার ৫২৪ জন কর্মচারী এবং ২ হাজার ২৭টি কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০২ শিক্ষক  জন ও ১১ হাজার ৫৪৫ কর্মচারী কর্মরত রয়েছেন।

এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজ সরকারিকরণ/জাতীয়করণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। পরবর্তীতে জাতীয়করণকৃত কলেজের শিক্ষক-কর্মচারীদের চাকরি সংক্রান্ত শর্তাবলি যথাযথভাবে পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণপূর্বক তাদের চাকরি জাতীয়করণ করা হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!