চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা, নিরাপত্তা এবং পরীক্ষা কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সব পরীক্ষাকেন্দ্রের জন্য নতুন নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রশ্নপত্র গ্রহণ থেকে শুরু করে সংরক্ষণ, পরীক্ষা কক্ষে সরবরাহ এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে কঠোরভাবে নির্ধারিত বিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো পরীক্ষাকক্ষে প্রয়োজনের অতিরিক্ত প্রশ্নপত্র সরবরাহ করা যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অব্যবহৃত প্রশ্নপত্র নির্ধারিত পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে নিরাপদে সংরক্ষণ করতে হবে।
আরও পড়ুন: মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব স্কুল-কলেজ, প্রতিটি ক্লাসরুমে বসবে সিসিটিভি ক্যামেরা
এতে আরও বলা হয়েছে, কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা এর কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেওয়া যাবে না। প্রশ্নপত্রের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং তা কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এ নির্দেশনা দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রতিটি শিক্ষা বোর্ডকে তাদের অধীন সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রশ্নফাঁসমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।

