অনলাইন–অফলাইন ক্লাস ব্যবস্থা ঢাকাতেই সীমাবদ্ধ, সারাদেশে নয়

জিটি রিপোর্ট

প্রকাশ:

অনলাইনে ক্লাস করেছে এক শিক্ষার্থী
অনলাইনে ক্লাস করেছে এক শিক্ষার্থী|ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন মিলিয়ে নতুন ক্লাস পদ্ধতি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এই সিদ্ধান্ত সারাদেশে নয়, শুধুমাত্র ঢাকা মহানগর-এর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত আকারে বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি

শিক্ষামন্ত্রী জানান, নতুন সময়সূচি অনুযায়ী শনিবার শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার আবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অর্থাৎ সপ্তাহে তিনদিন অনলাইন এবং তিনদিন সশরীরে ক্লাস চলবে।

তিনি বলেন, এই হাইব্রিড পদ্ধতি শুধু ঢাকা মহানগর এলাকায় সীমাবদ্ধ থাকবে এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এটি একযোগে চালু করা হচ্ছে না। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে এ ব্যবস্থা চালু করা হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস পরিচালনা করবেন। এজন্য ওয়াইফাইসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়েও সতর্ক রয়েছে সরকার।

আরও পড়ুন: শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে

তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নের আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিস্তারিত নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হতে পারে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!