সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর নম্বরভিত্তিক প্যানেল তৈরি করে অপেক্ষমাণ তালিকা থেকে দেড় হাজারের বেশি শূন্য পদে নিয়োগের জোর দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। শনিবার (২৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ দাবি জানান। আগামী ২ নভেম্বরের মধ্যে এ বিষয়ে স্পষ্ট ঘোষণা বা নির্দেশনা না পাওয়া গেলে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আরও পড়ুন: টানা ছুটি শেষে কাল খুলছে স্কুল-মাদরাসা, কলেজ খুলবে ১ নভেম্বর
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫-এর চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ১৪ হাজার ৩৮৫টি। নির্ধারিত সময়ে যোগদান না করা, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়া এবং অন্যান্য কারণে সুপারিশপ্রাপ্তদের দেড় হাজারের মতো পদে নিয়োগ সম্পন্ন হয়নি।
২০১৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালার মতো ২০২৫ সালের নতুন বিধিতেও অপেক্ষমাণ তালিকা বা প্যানেল সংরক্ষণ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা নেই। তবে এর আগে ২০২৩ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্যানেল সংরক্ষণসংক্রান্ত পরিপত্র ও নির্দেশনার আলোকে প্রথম ও দ্বিতীয় ধাপে মোট তিনটি অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছিল বলে তাঁরা উল্লেখ করেছেন।
নিয়োগপ্রত্যাশীরা জানান, আমাদের দাবি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। তারা জানিয়েছেন ২০২৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্যানেলের বিষয়টি উল্লেখ না থাকায় ২০২৫ সালের প্রাথমিকে কোনো প্যানেল হবে না। অথচ ২০২৩ সালের প্রাথমিক নিয়োগ সার্কুলারেও প্যানেলের কথা উল্লেখ ছিল না, তবুও কর্তৃপক্ষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে অপেক্ষমান তালিকা প্রকাশ করেছিল।
আরও পড়ুন: একাদশ শ্রেণীতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
নিয়োগপ্রত্যাশীরা আরও জানান, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চূড়ান্ত সুপারিশের বাইরে থাকা অনেক প্রার্থী সামান্য নম্বরের ব্যবধানে মেধাতালিকায় স্থান পাননি। এদিকে নতুন করে নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিবর্তে বিদ্যমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্য পদ পূরণ করা হলে সরকারের সময়, অর্থ ও প্রশাসনিক শ্রম সাশ্রয় হবে। একই সঙ্গে আগের নিয়োগ পরীক্ষার মাধ্যমে যাচাই করা প্রার্থীদের যোগ্যতা কাজে লাগানোও সম্ভব হবে।
আগামী ২ নভেম্বরের মধ্যে যৌক্তিক দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ না এলে রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

