আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রশ্ন ফাঁস হতে দেওয়া হবে না। কোনোভাবে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল অঞ্চলের বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
শিক্ষামন্ত্রী জানান, এবারের এইচএসসি পরীক্ষায় নিরাপত্তা জোরদারে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি-ওয়ার্ন ক্যামেরা থাকবে। এছাড়া প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাইরে থেকে কেউ পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “নকলের কোনো স্থান নেই। এখন শিক্ষার মান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।” খাতা মূল্যায়নে অনিয়ম ঠেকাতে নতুন আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রয়োজনে বোর্ড থেকে উত্তরপত্র সংগ্রহ করে নিজে যাচাই করবেন বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। একইভাবে এইচএসসি পরীক্ষাও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

