বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল

জিটি রিপোর্ট

প্রকাশ:

এনটিআরসিএ
এনটিআরসিএ|ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সনদ অর্জনের পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশও করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

একই সঙ্গে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ দেওয়ার বিষয়ে আগে নেওয়া বিতর্কিত সিদ্ধান্তও বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা ও এনটিআরসিএর মাধ্যমে সুপারিশের আগের ব্যবস্থাই কার্যকর থাকছে।

সভায় এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও নিয়োগের সুপারিশ আগের নিয়মেই হবে। এ-সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শিগগির এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে চাকরি, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

এর আগে গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখন থেকে এনটিআরসিএ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করতে পারবে না। প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছিল।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!