শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বদলির আবেদন নিয়ে বিপুল সংখ্যক শিক্ষক তার কাছে আসেন। পরিস্থিতি এমন যে, এসব অনুরোধের কারণে অনেক সময় তিনি নিজের অফিস কক্ষেও স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারেন না। তিনি আরও বলেন, অধিকাংশ শিক্ষকই ঢাকায় বদলি হতে আগ্রহী।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ডিসির ক্ষমতা বাতিল, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ফিরল পুরোনো নিয়মে
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বদলির তদবির নিয়ে শিক্ষকরা এত বেশি ভিড় করেন যে, আমি এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আমাদের অফিস রুমে ঢুকতেই পারি না।
প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষমতা উপজেলা পর্যায়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শিক্ষকই ঢাকায় বদলি হয়ে আসতে চান। তাদের কথা শুনলে মনে হয়, যেন সব বিদ্যালয়ই ঢাকায় অবস্থিত। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই বদলির বিষয়টি উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

