চট্টগ্রাম ছাড়া সারা দেশে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

জিটি রিপোর্ট

প্রকাশ:

এইচএসসি ও সমমানের পরীক্ষা
এইচএসসি ও সমমানের পরীক্ষা |ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী চলবে। তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

রবিবার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ব্যতীত) সব পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব স্কুল-কলেজ, প্রতিটি ক্লাসরুমে বসবে সিসিটিভি ক্যামেরা

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা এবং ওই অঞ্চলের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আগের সিদ্ধান্তই বহাল রয়েছে। ফলে ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্সের পরীক্ষা স্থগিত থাকবে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে ৮ ও ১১ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্সের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি আকিজ গ্রুপে, পদায়ন ৮ জেলায়

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা অন্তর্ভুক্ত।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!