ডিসির ক্ষমতা বাতিল, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ ফিরল পুরোনো নিয়মে

জিটি রিপোর্ট

প্রকাশ:

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়|ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সুপারিশে জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়া ক্ষমতা বাতিল করেছে। এ বিষয়ে জারি করা আগের পরিপত্র প্রত্যাহার করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত পরিপত্র জারি করে।

ফলে অশিক্ষক এমপিও পদে নিয়োগের ক্ষেত্রে আবারও ২০২৪ সালের ১০ জানুয়ারির নির্দেশনা কার্যকর হবে এবং নিয়োগের দায়িত্ব ফিরে যাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে।

বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব সাইয়েদ এ জেড এম মোরশেদ আলীর সই করা পরিপত্রে জানানো হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনায় ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশমালা পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর

তবে পরিপত্রে স্পষ্ট করা হয়েছে, ২০২৪ সালের নির্দেশমালার ২.৪ ধারার ‘ক’, ‘খ’ ও ‘গ’-এ উল্লেখিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত বিধান এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

নতুন এ সিদ্ধান্তের ফলে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া এবং অফিস সহায়কের মতো অশিক্ষক এমপিও পদে নিয়োগ আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে সম্পন্ন হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!