বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন আলিফ রুদাবা। সোমবার (২০ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক-২ অনুবিভাগের অতিরিক্ত সচিব।
আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২ অনুবিভাগ) মিজ আলিফ রুদাবাকে বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব (আর্থিক ক্ষমতাসহ) দেওয়া হলো।
আরও পড়ুন: শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর
অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্বভার ভাতা প্রাপ্য হবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে, গত ২৬ এপ্রিল এনটিআরসিএর চেয়ারম্যান পদ থেকে আমিনুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়। একই দিনে রাজা আব্দুল হাইকে এ পদে নিয়োগ দেওয়া হয়। গত ৫ মে তিনি চেয়ারম্যান পদে যোগদান করেন। তবে এ পদে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে এরপর আর অফিস করেননি। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

