মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে সরকার। এখন থেকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের আগেই প্রার্থীদের বাধ্যতামূলক প্রাক্-চাকরিকালীন (প্রি-সার্ভিস) প্রশিক্ষণ নিতে হবে। এ লক্ষ্যে ২৪৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ‘প্রফেশনালাইজেশন ফর এনহ্যান্সড লার্নিং প্রজেক্ট’ শীর্ষক একটি প্রকল্পের প্রাথমিক খসড়া তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আরও পড়ুন: বিইউপিতে জনস্বাস্থ্য বিষয়ে মাস্টার্সে ভর্তি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
এতদিন পর্যন্ত শিক্ষক হিসেবে যোগদানের পরই প্রার্থীরা প্রশিক্ষণের সুযোগ পেতেন। তবে প্রস্তাবিত এই প্রকল্প বাস্তবায়ন হলে শিক্ষকতায় প্রবেশের আগেই প্রয়োজনীয় পেশাগত জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি নিশ্চিত করা সম্ভব হবে।
মাউশি জানিয়েছে, ‘প্রফেশনালাইজেশন ফর এনহ্যান্সড লার্নিং প্রজেক্ট’ নামের প্রকল্পটি ২০২৬ সালের নভেম্বর থেকে ২০৩০ সালের অক্টোবর পর্যন্ত বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এর পুরো অর্থ বিদেশি অনুদান থেকে পাওয়ার আশা করা হচ্ছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয়ের বড় অংশ রাখা হয়েছে কর্মশালা ও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন ও মেরামত এবং পেশাগত সেবা খাতে।
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে দেশে প্রকৃত প্রাক্-চাকরিকালীন (প্রি-সার্ভিস ট্রেনিং) প্রশিক্ষণের সুযোগ নেই। কিন্তু শিক্ষকতার মতো পেশায় প্রবেশের আগে প্রয়োজনীয় পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন এবং মানসিক প্রস্তুতি নিশ্চিত করা প্রয়োজন। প্রকল্পের প্রস্তাবে যোগ্য ব্যক্তিদের শিক্ষকতা পেশায় প্রবেশের সুযোগ দিতে প্রাক্-চাকরিকালীন শিক্ষক-শিক্ষা মডেল প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এই মডেলের আওতায় পাইলট কার্যক্রম পরিচালনা এবং পাঁচটি প্রতিষ্ঠানে প্রি-সার্ভিস শিক্ষক প্রশিক্ষণ মডেল চালু করা হবে। একই সঙ্গে প্রাক্-চাকরিকালীন শিক্ষক প্রশিক্ষণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ও সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
প্রস্তাবনায়, শিক্ষকদের পেশাদারত্ব বৃদ্ধিতে ‘শিক্ষক পেশাগতীকরণ নির্দেশিকা (টিপিজি)’ এবং ‘শিক্ষক পেশাগত উন্নয়ন কাঠামো (টিপিডিএফ)’ প্রণয়নের কথাবলা হয়েছে। পাশাপাশি চাকরিতে থাকা শিক্ষকদের জন্য অব্যাহত পেশাগত উন্নয়ন কার্যক্রম জোরদারের প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান ১০টি প্রশিক্ষণ কোর্স হালনাগাদের পাশাপাশি আরও ১০টি নতুন কোর্স চালুর কথা উল্লেখ করা হয়েছে। শিক্ষা প্রশাসক, শিক্ষক ও প্রধান শিক্ষকদের চাকরিকালীন পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে ২০ হাজার শিক্ষক ও শিক্ষা প্রশাসক এবং দেড় হাজার প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু আজ—চলবে ১২ নভেম্বর পর্যন্ত
মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি অনুমোদন পেলে শিক্ষকতা পেশায় প্রবেশের আগে প্রশিক্ষণের নতুন মডেল পরীক্ষামূলকভাবে চালু হবে। পরে এ মডেলের কার্যকারিতা মূল্যায়ন করে এর ব্যাপ্তি বাড়ানো হবে। তবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হবে নাকি বাধ্যতামূলক করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন উইং) অধ্যাপক ড. মীর জাহীদা নাজনীন বলেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষক নিয়োগের আগে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. সরদার মো. কেরামত আলী বলেন, প্রকল্প প্রস্তাবটি বর্তমানে অনুমোদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

