দেশে নতুন করে চারটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, দুটি প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক স্বীকৃতি এবং চারটিতে পাঠদানের অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির জন্য আবেদন করেছে। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩) অনুযায়ী প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করতে হবে।
আরও পড়ুন: বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত
পরিদর্শন শেষে নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিবেদনে উল্লেখ করা তথ্যের সমর্থনে প্রয়োজনীয় প্রামাণ্য কাগজপত্রও সংযুক্ত করতে বলা হয়েছে।
এদিকে, এর আগে গত ১৩ সেপ্টেম্বর একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, ছয়টি প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক স্বীকৃতি এবং সাতটি প্রতিষ্ঠানে পাঠদানের অনুমোদন দেওয়ার উদ্যোগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
নতুন করে চারটি প্রতিষ্ঠান স্থাপন, দুটি প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক স্বীকৃতি এবং চারটিতে পাঠদানের অনুমোদনের উদ্যোগের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদন যাচাই-বাছাই ও পরিদর্শন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

