দেশের ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে একটি নতুন পাইলট কার্যক্রম বাস্তবায়ন করা হতে যাচ্ছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী এই কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট থানা শিক্ষা অফিসারদের সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের মাঝে নিয়মিত বই পড়ার মানসিকতা তৈরি করতে বিশ্বসাহিত্য কেন্দ্র একটি পরিকল্পিত বইপড়া কর্মসূচি প্রণয়ন করেছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলা থেকে নির্বাচিত ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পাইলট কার্যক্রম বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
নির্বাচিত স্কুলগুলোতে এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্বসাহিত্য কেন্দ্রকে সব ধরনের সহযোগিতা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


