প্রাথমিক শিক্ষকদের উপস্থিতির তথ্য নির্ধারিত সময়ে পাঠানোর নির্দেশ

জিটি রিপোর্ট

প্রকাশ:

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর|ছবি: জিটি সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দৈনিক উপস্থিতির তথ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বিভাগীয় কার্যালয়গুলোকে আবারও নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো তথ্য পাঠাতে দেরি হওয়ায় এ বিষয়ে নতুন করে তাগিদ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিনের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি দেশের বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী গত ১৫ জুন ২০২৬ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিদ্যালয়, ক্লাস্টার, উপজেলা, জেলা এবং বিভাগীয় কার্যালয় থেকে যথাক্রমে সকাল ৯টা ৪৫ মিনিট, ১০টা ১৫ মিনিট, ১০টা ৪৫ মিনিট এবং ১১টা ১৫ মিনিটের মধ্যে উপস্থিতির তথ্য পাঠাতে হবে।

অন্যদিকে, ঢাকা সিটি করপোরেশন এলাকার জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সেখানে বিদ্যালয় থেকে সকাল ৭টা ৫০ মিনিট, ক্লাস্টার থেকে ৮টা ১৫ মিনিট, থানা থেকে ৮টা ৪৫ মিনিট, জেলা থেকে ১০টা ১৫ মিনিট এবং বিভাগীয় কার্যালয় থেকে বেলা ১১টা ১৫ মিনিটের মধ্যে তথ্য পাঠাতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে প্রতিদিন বেলা ১১টা ১৫ মিনিটের মধ্যে অধিদপ্তরে উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা মানা হচ্ছে না। ফলে শিক্ষকদের দৈনন্দিন উপস্থিতি-সংক্রান্ত মনিটরিং প্রতিবেদন যথাসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৮৫, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত

এ পরিস্থিতিতে বিভাগীয় কার্যালয়গুলোকে অধীনস্থ সব কার্যালয় থেকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিতির তথ্য সংগ্রহ, যাচাই ও একত্রীকরণ করে প্রতি কার্যদিবসে বেলা ১১টা ১৫ মিনিটের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো নিশ্চিত করতে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!