শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ কর্মসূচিতে কুপন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল মিলন। তিনি জানান, মানসম্মত খাবার নিশ্চিত করতে এ ব্যবস্থার আওতায় শিক্ষার্থীরা কুপন ব্যবহার করে ক্যান্টিন থেকে খাবার সংগ্রহ করতে পারবে।
শনিবার (৩ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতি আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: পোস্ট ডক্টরাল ফেলোশিপ দেবে ইউজিসি, আবেদন ৩১ অক্টোবরের মধ্যেই
শিক্ষামন্ত্রী বলেন, ‘মিড-ডে মিল’ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য কুপন ব্যবস্থা চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কুপন দিয়ে ক্যান্টিন থেকে নিজেদের খাবার নিতে পারবে।
এহছানুল মিলন বলেন, ‘শিক্ষার্থীদের খাদ্য তালিকায় আরও নতুন খাদ্য যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি, স্থানীয় অর্থনীতিকে গতিশীল ও স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে খাবার সরবরাহ প্রক্রিয়া বিকেন্দ্রীকরণ করার ভাবনাও রয়েছে। এ ব্যবস্থা প্রথমে কয়েকটি জেলায় পাইলটিং করে পরবর্তীতে সারা দেশে বাস্তবায়ন করা হবে।’
আরও পড়ুন: এসএসসি পাস মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
তিনি বলেন, ‘আগামীতে পরীক্ষার দুই সেট প্রশ্ন দুই জায়গায় করা হবে। বিজি প্রেস ও আর্মি সিকিউরিটি প্রেস থেকে করা হবে। পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত কারণে শিক্ষার্থীদের জীবন থেকে যাতে সময় হারিয়ে না যায়, সে জন্য পরীক্ষা সময় মতো নেওয়া হবে এবং বর্ষাকালীন দুর্যোগও পরিহার করা হবে।’

