বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ চিফ অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন মিললে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই ভাতা সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
সোমবার (১৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র জানায়, চিফ অ্যাকাউন্টস অফিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে, আজকের মধ্যেই ভাতার প্রস্তাবে অনুমোদন মিলবে। অনুমোদন পেলে সন্ধ্যার মধ্যে অনেক শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি
এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন জানান, ‘আশা করছি আজই শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার এসএমএস পাবেন। কোনো কারণে আজ না হলে আগামী বুধবারের মধ্যে তারা টাকা পেয়ে যাবেন।’
জানা গেছে, বৈশাখী ভাতা হিসেবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মোট ১৮১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের জন্য ১২৯ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ২৭৬ টাকা এবং কলেজ পর্যায়ের জন্য ৫২ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল
উল্লেখ্য, প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইনে বিল জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড় করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন-ভাতা পাঠানো হয়।
এছাড়া, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন পদ্ধতি চালু করেছে, ফলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।

