উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম-অবহেলা পেলে পরীক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন|ছবি: সংগৃহীত

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সংশোধিত পাবলিক পরীক্ষা আইনে শুধু পরীক্ষা পরিচালনায় নয়, উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম বা অবহেলার ক্ষেত্রেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কোনো পরীক্ষকের বিরুদ্ধে এইচএসসি ও সমমানের পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নে গাফিলতি বা অনিয়মের প্রমাণ মিললে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার খাতা মূল্যায়ন করে চলে গেলেন আর কেউ খবর রাখল না এবার আর সেটি হবে না। অতীতে আমরা দেখেছি অনেকে খাতার ভেতরে নম্বর পরিবর্তন করে জালিয়াতি করতো। সেজন্য এবার আমরা পরীক্ষা খাতা পুনর্মূল্যায়ন করার ব্যবস্থা এই আইনের মধ্যে রেখেছি।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার

তিনি আরও বলেন, পরীক্ষকেরা সঠিকভাবে খাতা দেখছেন কি না, ওভার-মার্কিং বা আন্ডার-মার্কিং করছেন কি না, তা যাচাই করতে বোর্ডগুলো থেকে খাতা নিয়ে ধারাবাহিক পরীক্ষা (র‌্যান্ডম স্যাম্পলিং) করা হবে। কোনো পরীক্ষকের গাফিলতি বা অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষকদের ওপর কাজের চাপ কমাতে এবং সুন্দরভাবে খাতা মূল্যায়ন নিশ্চিত করতে এবার পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে। একই সাথে জনপ্রতি খাতার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!