যে সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু, এক দশক পর সেই গল্পেই ফিরছেন শরীফুল রাজ ও নাজিফা তুষী। রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২০ অক্টোবর থেকে দর্শকেরা দেখতে পারবেন সিনেমাটি।
২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আইসক্রিম’। রাজ ও তুষীর অভিনয়জীবনের শুরুর দিকের এই সিনেমায় তাঁদের সঙ্গে ছিলেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম। সিনেমাটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান।
আরও পড়ুন: রুপালি গিটার থেমেছে, থামেনি আইয়ুব বাচ্চুর সুর
দশ বছর আগের কাজ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে শরীফুল রাজ বলেছেন, সময়ের সঙ্গে তাঁর মধ্যে পরিবর্তন এসেছে। আজকের রাজ হয়ে ওঠার পেছনে ‘আইসক্রিম’-এরও ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি। তাই সিনেমাটি তাঁর কাছে অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অন্যদিকে, প্রথম সিনেমার অভিজ্ঞতা নিয়ে নাজিফা তুষীর স্মৃতিতেও রয়েছে আলাদা অনুভূতি।
তাঁর ভাষায়, সিনেমা যে কত বড় একটি ক্যানভাস, তা তখন পুরোপুরি বুঝতেন না। তবে শুরুতেই তাঁর মনে হয়েছিল, ‘আইসক্রিম’ একটি ভালো প্রজেক্ট এবং রেদওয়ান রনি একজন ভালো নির্মাতা। প্রেক্ষাগৃহে মুক্তির দশ বছর পর ‘আইসক্রিম’-এর ওটিটি যাত্রা তাই শুধু পুরোনো একটি সিনেমা ফিরে দেখার সুযোগ নয়; রাজ ও তুষীর অভিনয়জীবনের শুরুর দিনগুলো ফিরে দেখারও উপলক্ষ।

