৩৪ বছরের দাম্পত্যে স্ত্রীকে কৃতিত্ব দিলেন আসিফ আকবর

জিটি ডেস্ক

প্রকাশ:

বিবাহবার্ষিকীতে স্ত্রী-সন্তানদের নিয়ে আবেগাপ্লুত আসিফ
বিবাহবার্ষিকীতে স্ত্রী-সন্তানদের নিয়ে আবেগাপ্লুত আসিফ|ছবি: সংগৃহীত

ক্যারিয়ার শুরুর আগেই ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এরপর দীর্ঘ সংগ্রাম পেরিয়ে বাংলা গানের অন্যতম জনপ্রিয় শিল্পীতে পরিণত হয়েছেন তিনি। সাফল্য, জনপ্রিয়তা ও ব্যস্ততার মধ্যেও স্ত্রী সালমা আসিফ মিতুর সঙ্গে ৩৪ বছরের দাম্পত্য জীবন অটুট রয়েছে। বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে সেই পথচলার কথাই তুলে ধরেছেন এই শিল্পী।

১৯৯২ এবং ২০২৬ সালের দুটি ছবি শেয়ার করে আসিফ আকবর লেখেন, “১৯৯২ থেকে ২০২৬ সাল, দুই শতাব্দী মিলিয়ে চৌত্রিশ বছরের দাম্পত্য জীবন আমাদের, জীবনের চেয়ে বেশি বিয়ের বয়স!” দাম্পত্য জীবনের নানা চড়াই-উতরাইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের ধারণা অনুযায়ী তার স্ত্রীই সংসার টিকিয়ে রেখেছেন। সেই মতের সঙ্গে একমত হয়েই তিনি লেখেন, “জনমতের বাইরে গিয়ে আর বিপ্লবী হতেও চাই না, মেনে নিয়েছি সব ক্রেডিট বেগমের।”

আরও পড়ুন: জন্মদিনে পরিবারের সঙ্গেই সময় কাটালেন পূর্ণিমা

একই পোস্টে দুই ছেলে, দুই পুত্রবধূ ও মেয়ে আইদাহকে নিয়েও ভালোবাসার কথা বলেন আসিফ। তিনি জানান, পরিবারকে ঘিরেই তার সবচেয়ে বড় সুখ। সন্তানরা সবসময় বাবা-মায়ের খোঁজখবর রাখে এবং তাদের প্রতি দায়িত্বশীল। বড় ছেলের একটি কথাও পোস্টে তুলে ধরেন এই শিল্পী। তার ভাষ্য, “বাবা, ১৯ বছর বয়সে বিয়ে করেছো, জীবনে অনেক যুদ্ধ করেছো, এখন তোমার বিশ্রাম নেওয়ার সময়।”

তবে এ প্রসঙ্গে আসিফের মন্তব্য, “ছেলের কথায় হাসি পায়, খুব ভালো লাগে শুনতে, তবে বিশ্রাম আমার শত্রু।” পরিবারকে জীবনের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে আসিফ আকবর লেখেন, “সংসার জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে এক ছাদের নিচে বাস করতে পারাটা বিশাল অর্জন। আমি লাইফটা স্পোর্টিংলি নিয়েছি, বেগম শর্তহীন সমর্থন দিয়ে গেছেন।

দুনিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পরিবার, আমি আমার পরিবার নিয়ে নিজের মতো সন্তুষ্ট আছি।” শিল্পীর এই আবেগঘন পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন ভক্ত-অনুরাগী এবং সহকর্মীরা। দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকেই।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!