বাংলাদেশের ‘দেলুপি’র সঙ্গে যুক্ত হলেন অনুরাগ কশ্যপ

জিটি ডেস্ক

প্রকাশ:

বাংলাদেশি সিনেমা ‘দেলুপি’র পাশে অনুরাগ কশ্যপ
বাংলাদেশি সিনেমা ‘দেলুপি’র পাশে অনুরাগ কশ্যপ|ছবি: সংগৃহীত

বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’-এর আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হয়েছেন ভারতের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কশ্যপ। এখন থেকে আন্তর্জাতিক পরিসরে সিনেমাটি ‘অনুরাগ কশ্যপ নিবেদিত দেলুপি’’ নামে উপস্থাপিত হবে। সোমবার (৬ জুলাই) দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। প্রযোজক অমিত রুদ্র বলেন, ‘আমাদের চলচ্চিত্রটির মুক্তিযাত্রা এখনও শেষ হয়নি। আন্তর্জাতিকভাবে আরও মুক্তি বাকি রয়েছে। ওটিটিসহ বিভিন্ন মাধ্যমে পর্যায়ক্রমে চলচ্চিত্রটি মুক্তি পাবে। সেই যাত্রায় নিবেদক হিসেবে আমাদের পাশে থাকবেন অনুরাগ কশ্যপ।’ প্রযোজনা প্রতিষ্ঠানের পোস্টে বলা হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনুরাগ কশ্যপ দেলুপিতে অনবোর্ড হয়েছেন। এখন থেকে দেলুপি বিশ্বজুড়ে পরিচিত হবে “অনুরাগ কশ্যপ প্রেজেন্টস দেলুপি”। একটি স্বাধীন

আরও পড়ুন: শিল্পীদের সম্মান আর আগের মতো নেই’—কেন এমন বললেন রোজিনা?

বাংলাদেশি চলচ্চিত্রের কাঁধে কাঁধ মিলিয়ে অনুরাগ কশ্যপের মতো একজন নির্মাতার দাঁড়ানো আমাদের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং সামনের পথচলার জন্য এক বিশাল অনুপ্রেরণা।’ এর আগে চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, ‘দেলুপি’ দেখার পর এর গল্প, নির্মাণশৈলী ও চিত্রভাষায় মুগ্ধ হন অনুরাগ কশ্যপ। এরপরই তিনি চলচ্চিত্রটির আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। গত বছরের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ‘দেলুপি’ নির্মিত হয়েছে খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবনকে কেন্দ্র করে। নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় রাজনীতিতে জাতীয় রাজনীতির প্রভাব এবং প্রান্তিক মানুষের প্রতিদিনের সংগ্রামের গল্প উঠে এসেছে সিনেমাটিতে।

ইতোমধ্যে ‘দেলুপি’ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। সংশ্লিষ্টদের আশা, অনুরাগ কশ্যপের সম্পৃক্ততায় চলচ্চিত্রটির আন্তর্জাতিক প্রদর্শনী আরও বিস্তৃত হবে এবং বিশ্বের আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!