বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি। একাধিক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, কিছু শিল্পী টাকার বিনিময়ে ভোট দিয়েছেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। নির্বাচনে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পলি। ফলাফলে তিনি ১৪৪ ভোট পান। একই পদে ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন এম এ পারভেজ চৌধুরী আবীর। ফল ঘোষণার পর নিজের ফেসবুক পোস্টে পলি লেখেন, 'কাছের মানুষগুলো যারা নিজেদের ভোট ঠিক রেখে শুধু আমার একটা ভোট টাকার জন্য বিক্রি করেছ, বিচার ওই ওপর আল্লাহর কাছে দিলাম। তোমাদের বিচার আল্লাহ করবেন।' এর আগে অভিনেত্রী রোজিনাকে মেনশন করে দেওয়া আরেক পোস্টে
আরও পড়ুন: শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী
তিনি লেখেন, 'রোজিনা আপু, শিল্পী সমিতি আমাদের জন্য না। এখানে এক শ্রেণীর শিল্পীরা টাকার জন্য বিক্রি হয়।' তবে একই সঙ্গে তাকে ভোট দেওয়া শিল্পীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। আরেক পোস্টে তিনি লেখেন, 'যে সমস্ত শিল্পী ভোটাররা আমাকে ভালোবেসে ১৪৪টা ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। আর যারা আমাকে ভোট দেননি, যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন, তাদের প্রতিও আমার ভালোবাসা।' এদিকে এবারের নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবা শানু। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব। সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।
