ব্যাংককে শেষ হবে শুটিং, আসছে শাকিবের ‘সোলজার’

জিটি ডেস্ক

প্রকাশ:

‘সোলজার’-এ দেখা যাবে নতুন রূপে শাকিব খানকে
‘সোলজার’-এ দেখা যাবে নতুন রূপে শাকিব খানকে|ছবি: সংগৃহীত

দেশপ্রেম ও দুর্নীতিবিরোধী গল্প নিয়ে নির্মিত হচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘সোলজার’। গত বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হলেও এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তবে নির্মাতা সাকিব ফাহাদ নিশ্চিত করেছেন, চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিব খান জানিয়েছিলেন, শিগগিরই ‘সোলজার’-এর বাকি অংশের কাজ শুরু হবে। এরপর থেকেই সিনেমাটি নিয়ে নতুন করে দর্শকদের আগ্রহ তৈরি হয়। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, ডিসেম্বরে নয়, আগামী অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে পারে সিনেমাটি। তবে এ বিষয়ে নির্মাতা সাকিব ফাহাদ বলেন, মুক্তির সময় এখনো চূড়ান্ত হয়নি। তার ভাষায়, এই মুহূর্তে সিনেমাটি যথাযথভাবে শেষ করাই আমাদের প্রধান লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর—দুটিই ভালো সময়। শুটিং শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে মুক্তির তারিখ নির্ধারণ করা হবে। তবে এটুকু নিশ্চিত,

আরও পড়ুন: জন্মদিনে রূপালি পর্দার সেই অমলিন কিংবদন্তি শাবানা

২০২৬ সালেই দর্শকরা প্রেক্ষাগৃহে ‘সোলজার’ দেখতে পারবেন। নির্মাতা জানান, গত বছরই সিনেমাটির অধিকাংশ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং করতে এ মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাবেন তারা। সেখানকার কাজ শেষ করে দেশে ফিরে একটি গানের কিছু অংশের শুটিং করলেই ক্যামেরা ক্লোজ হবে। ঈদের বাইরে সিনেমা মুক্তির পরিকল্পনা প্রসঙ্গে সাকিব ফাহাদ বলেন, অনেকেই প্রশ্ন করেন, ঈদ ছাড়া কেন শাকিব খানের সিনেমা মুক্তি পায় না। আমরা মনে করি, প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখতে সারা বছরই মানসম্মত সিনেমা মুক্তি পাওয়া প্রয়োজন। সেই ভাবনা থেকেই ঈদের বাইরেও মুক্তির পরিকল্পনা করা হয়েছে। গত বছর একটি মোশন পোস্টারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় ‘সোলজার’-এর। ৩৪ সেকেন্ডের সেই ভিডিওতে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের সংগ্রামের আভাস দেওয়া হয়।

আরও পড়ুন: লন্ডন উৎসবে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’

ভিডিওর শেষ দিকে আহত ও রাগান্বিত এক শাকিব খানকে দেখা যায়। একই সঙ্গে তার কণ্ঠে শোনা যায়, তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ আরও অনেকে। ‘সোলজার’ প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। দেশপ্রেম, সংগ্রাম এবং অ্যাকশনে ভরপুর এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা ইতোমধ্যেই তুঙ্গে। এখন শুধু অপেক্ষা মুক্তির চূড়ান্ত ঘোষণার।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!