চার গানেই ক্ষোভ, স্থগিত আইয়ুব বাচ্চুর ‘উত্তরাধিকার’

জিটি ডেস্ক

প্রকাশ:

আইয়ুব বাচ্চুর ২০টি গান নিয়ে তৈরি ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’ আপাতত স্থগিত
আইয়ুব বাচ্চুর ২০টি গান নিয়ে তৈরি ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’ আপাতত স্থগিত|ছবি: সংগৃহীত

বাংলা রকের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর অমর গানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’। ২০টি জনপ্রিয় গান নিয়ে নেওয়া এই উদ্যোগ শুরুতেই পেয়েছিল আগ্রহ। কিন্তু অ্যালবামের প্রথম চারটি গান প্রকাশের পরই দেখা দেয় উল্টো প্রতিক্রিয়া।

ডিজিটাল প্ল্যাটফর্মে গানগুলো প্রকাশের পর বাচ্চুভক্তদের একটি বড় অংশ নতুন সংগীতায়োজন ও পরিবেশনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে মূল সুর ও গানের চেনা মেজাজ বদলে ফেলা হয়েছে—এমন আপত্তিই বেশি উঠে আসে। পরিস্থিতি নিয়ে গত রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে প্রকল্পসংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

দীর্ঘ আলোচনার পর প্রকাশিত চারটি গান অনলাইন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে অপ্রকাশিত বাকি ১৬টি গানের কাজও আপাতত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। প্রকল্পটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন আইয়ুব বাচ্চুর সহধর্মিণী ফেরদৌস আক্তার।

তবে এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ‘উত্তরাধিকার’ প্রকল্পের সঙ্গে যুক্ত গায়ক ও সংগীত পরিচালকেরা। তাদের দাবি, কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং তরুণ প্রজন্মের কাছে আইয়ুব বাচ্চুর সৃষ্টিকে নতুনভাবে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। আপাতত চারটি গান সরিয়ে নেওয়া এবং বাকি গানগুলোর কাজ বন্ধ রাখার মধ্য দিয়ে স্থগিত রয়েছে ‘উত্তরাধিকার’ প্রকল্প।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!