জীবনের কঠিন এক মুহূর্তে সারার সামনে হাজির হয় অপরিচিত সজল। তার সঙ্গে একটি পোষা বিড়াল। অপ্রত্যাশিত এই উপস্থিতিই বদলে দেয় সারার সিদ্ধান্ত, খুলে দেয় নতুন পথে এগিয়ে যাওয়ার দরজা। এমন রহস্যময় গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তোমার পরে তুমি’। এতে সজল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, আর সারার ভূমিকায় দেখা যাবে নাজনীন নীহাকে।
নাটকের গল্পে সজলের সঙ্গী ছিল তার পোষা বিড়াল। ঘটনাচক্রে সেই বিড়ালকে ঘিরেই সজল ও সারার মধ্যে তৈরি হয় এক নতুন সম্পর্ক। জীবনের সংকটময় মুহূর্ত পেরিয়ে সজলের হাত ধরে নতুন করে বাঁচার দিশা খুঁজে পায় সারা। এভাবেই গল্পে আসে অপ্রত্যাশিত মোড়। রাসেল পারভেজের রচনায় নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন।
আরও পড়ুন: চেহারা বদলের ভয়ঙ্কর গল্প নিয়ে আসছে ‘ক্লেফেইস’
ইয়াশ ও নাজনীন নীহার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ। এই প্রথম একই নাটকে দেখা যাবে তিন শিল্পীকে। নাটকটি শিগগিরই মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে। এতে ব্যবহৃত হয়েছে ‘তোমার পিছু’ শিরোনামের একটি গান। নাজির মাহমুদের সুরে গানটি গেয়েছেন রিয়াদ।

