তুন সিনেমা ‘লজ্জা’র শুটিংয়ে সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। প্রযোজকের আমন্ত্রণে শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে শুটিং স্পটে উপস্থিত হয়েছিলেন সাংবাদিকেরা। তবে নির্ধারিত সাক্ষাৎকারের আগেই সেখান থেকে চলে যান অভিনেত্রী বলে জানিয়েছেন উপস্থিত সংবাদকর্মীরা। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও ‘লজ্জা’র প্রযোজক আবদুল আজিজ শুক্রবার সাংবাদিকদের শুটিং স্পটে আমন্ত্রণ জানিয়েছিলেন।
শনিবার সকাল ৮টায় সেখানে ফারিয়া ও তাঁর সঙ্গে কথা বলার সুযোগ থাকবে বলে জানানো হয়েছিল। তবে সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের দৃশ্য ধারণের পর সাক্ষাৎকারের সময় এলে ফারিয়া শারীরিক অসুস্থতার কথা জানিয়ে স্থান ত্যাগ করেন।
আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে দুই বছরের লড়াই, ইবরার টিপুকে নিয়ে উদ্বিগ্ন কবির বকুল
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ফারিয়া। তাঁর বক্তব্য, শুটিং স্পটে যাওয়ার আগে সাংবাদিকদের নিশ্চিত হওয়া উচিত, সংশ্লিষ্ট শিল্পী সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে অবগত ও সম্মত কি না। শিল্পীর সম্মতি ছাড়া তাঁর নাম ব্যবহার করে প্রচারের আয়োজন করা হচ্ছে কি না, সেটিও যাচাইয়ের পরামর্শ দেন তিনি। এ বিষয়ে আবদুল আজিজ জানান, ফারিয়ার সঙ্গে আলাদাভাবে কথা বলে সাক্ষাৎকারের সম্মতি নেওয়া হয়নি।
সাংবাদিকেরা শুটিংয়ে এলে শিল্পীরা কথা বলবেন—এটাই স্বাভাবিক প্রক্রিয়া বলে মনে করেছিলেন তিনি। তবে এ ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রযোজক। ‘লজ্জা’ পরিচালনা করছেন এম এইচ খোকন। জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করার কথা রয়েছে আজমেরী হক বাঁধনেরও।

