বাংলার বাউল ও লোকসংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে আগামী ১০ জুলাই যুক্তরাজ্যে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব’। ইউকে ম্যানেজমেন্ট কলেজ (যুক্তরাজ্য), বাংলাদেশ ও লোকশিল্পী সংস্থা, উদীচী যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে বাংলাদেশ থেকে অংশ নেবেন একাধিক শিল্পী। প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বাউল শফি মণ্ডল ও ডলি মণ্ডল।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন আয়োজকরা। তাদের জানানো হয়, ১০ জুলাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে উৎসবের উদ্বোধন হবে। এরপর ১৫ জুলাই স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে বাউল ও লোকসংগীতবিষয়ক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন: দায়িত্ব নিলেন শিবা শানু–জয় চৌধুরীর নেতৃত্বাধীন নতুন কমিটি
আগামী ১৮ জুলাই লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আয়োজন করা হবে আন্তর্জাতিক সেমিনার ও বাউল-লোকসংগীতবিষয়ক কর্মশালার। ১৯ জুলাই লন্ডন টাউন হলে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আয়োজন। উৎসবে শফি মণ্ডল ও ডলি মণ্ডলের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন সরদার হীরক রাজা ও জোহরা জমি।
এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পীদের পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং প্রবাসীরাও বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে শফি মণ্ডল বলেন, লোকসংগীত একটি দেশের সাংস্কৃতিক মেরুদণ্ড।
এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের লোকঐতিহ্য ও বাউল দর্শনের সঙ্গে বিশ্বের মানুষের সাংস্কৃতিক সংযোগ আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
উৎসবের আহ্বায়ক ও উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা বলেন, আবহমানকাল ধরে লোকসংগীত মানবতা, সম্প্রীতি ও জীবনের কথা বলে এসেছে। বাংলার লোকসংগীত বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি। তাই বিশ্বদরবারে বাউল ও লোকসংগীতকে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

