মাস্তুল’-এ ফজলুর রহমান বাবুর কণ্ঠে ‘আমায় ভাসাইলিরে’ প্রকাশ

জিটি ডেস্ক

প্রকাশ:

নদীজীবনের আবেগে ভাসালো ‘মাস্তুল’-এর নতুন প্রমোশনাল গান
নদীজীবনের আবেগে ভাসালো ‘মাস্তুল’-এর নতুন প্রমোশনাল গান|ছবি: সংগৃহীত

প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকমহলে কৌতূহল তৈরি করেছিল নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। আগামী ১৭ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি এবার প্রকাশ করেছে এর প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলিরে…’, যা ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়তে শুরু করেছে। পল্লীকবি জসীম উদ্দীনের কালজয়ী লেখনীর একটি অংশ অবলম্বনে নির্মিত গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গানটির নতুন সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। নদী, ভাসমান মানুষ এবং জীবনের অনিবার্য যাত্রার চিরন্তন আবেগকে নতুন সুরে উপস্থাপন করা হয়েছে এই আয়োজনে। নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, এটি কেবল প্রচারণামূলক কোনো গান নয়; বরং সিনেমার আবহ, চরিত্রের অন্তর্জগৎ এবং নদীকেন্দ্রিক মানুষের জীবনের গভীর অনুভূতি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার একটি

আরও পড়ুন: রাফী-সাদের প্রথম যৌথ সিনেমা ‘আইজ’ নিয়ে নতুন চমক

শৈল্পিক প্রয়াস। তিনি বলেন, ‘মাস্তুল’-এর প্রচারণার প্রতিটি উপাদানেই সিনেমার আত্মাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। পোস্টারের পর গান প্রকাশের উদ্দেশ্য ছিল দর্শকদের সিনেমার আবহের আরও কাছাকাছি নিয়ে আসা। চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, একাকীত্ব, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার গল্প। সেই আবেগময় বাস্তবতাকেই আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে ‘আমায় ভাসাইলিরে…’ গানটি। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে ‘মাস্তুল’। ইতোমধ্যে চলচ্চিত্রটি ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ এবং রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার অর্জন করেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!