অস্কারে বাংলাদেশের হয়ে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

৯৯তম অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে ‘রইদ’
৯৯তম অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে ‘রইদ’|ছবি: সংগৃহীত

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ছবিটিকে বাংলাদেশের আনুষ্ঠানিক সাবমিশন হিসেবে ঘোষণা করা হয়।

এবার বাংলাদেশ থেকে অস্কারের জন্য মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। সেগুলো হলো রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকীর ইসলামের ‘দেলুপী’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। পরে ‘মানুষের বাগান’ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে বাকি চারটি ছবির মধ্য থেকে ‘রইদ’কে নির্বাচিত করা হয়।

আরও পড়ুন: ১০০ কোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে নিয়ন্ত্রণহীন এআই: বিল গেটস

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি ছবিগুলো মূল্যায়ন করে এই সিদ্ধান্ত নেয়। কমিটির চেয়ারম্যান ছিলেন ড. মোহাম্মদ জহিরুল ইসলাম কচি। মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’। ছবির প্রধান দুই চরিত্র সাধু ও সাধুর বউয়ের ভূমিকায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড।

‘রইদ’ নির্বাচিত হওয়া মানে এখনো অস্কারের চূড়ান্ত মনোনয়ন পাওয়া নয়। বাংলাদেশের এই সাবমিশন বিশ্বের অন্যান্য দেশের নির্বাচিত ছবির সঙ্গে অ্যাকাডেমির বাছাই প্রক্রিয়ায় থাকবে। অ্যাকাডেমির সূচি অনুযায়ী, ১৫ ডিসেম্বর ২০২৬ আন্তর্জাতিকসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর শর্টলিস্ট ঘোষণা হবে এবং ২১ জানুয়ারি ২০২৭ চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।

আরও পড়ুন: ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

৯৯তম অস্কারের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৪ মার্চ ২০২৭। এর আগে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ও অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল। এবার ‘রইদ’-এর মাধ্যমে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পেল তাঁর দ্বিতীয় চলচ্চিত্র।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!