অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় দিলারা হানিফ পূর্ণিমা। এবার একগুচ্ছ ছবি প্রকাশ করে নতুন সাজে নজর কেড়েছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে পূর্ণিমার পরনে ছিল নান্দনিক জামদানি শাড়ি। খোঁপায় ফুলের মালা ও স্নিগ্ধ সাজে ধরা দিয়েছেন তিনি।
পুরো সাজেই ফুটে উঠেছে বাঙালিয়ানার ছাপ। ছবির ক্যাপশনে ‘দম মারো দম’ সিনেমার একটি গানের লাইন ব্যবহার করেছেন পূর্ণিমা। লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’ ছবিগুলো প্রকাশের পরই অনুসারীদের প্রশংসা পেতে শুরু করেন পূর্ণিমা। অনেকেই তাঁর সাজ, সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। কেউ জানতে চেয়েছেন তাঁর সৌন্দর্যের রহস্য, আবার কেউ পুরোনো দিনের পছন্দের তারকা হিসেবে স্মৃতিচারণ করেছেন।
আরও পড়ুন: নিশো-মেহজাবীন এবার বড় পর্দায়, ‘পুলসিরাত’ নিয়ে নতুন চমক
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এরপর দীর্ঘ অভিনয়জীবনে বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময়ের ফ্যাশন ও ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পূর্ণিমা। সাম্প্রতিক এই ছবিগুলোও সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় এসেছে।

