ছোট শহর গোয়ালিয়র থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন কার্তিক আরিয়ান। সেই স্বপ্নের বড় স্বীকৃতি পেলেন এবার। ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরে অনুষ্ঠিত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেন তিনি।
কবির খান পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় ভারতের প্রথম প্যারাঅলিম্পিক স্বর্ণপদকজয়ী মুরলিকান্ত পেটকরের চরিত্রে অভিনয়ের জন্য কার্তিক এই পুরস্কার পেয়েছেন। একই বিভাগে ‘ব্রহ্মযুগম’-এর জন্য মম্মুট্টিও যৌথভাবে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন। পুরস্কার গ্রহণের পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন কার্তিক।
আরও পড়ুন: রমজান-পরীক্ষা বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি
গোয়ালিয়রের সেই সাধারণ ছেলেটির কথা স্মরণ করে জানান, অভিনেতা হওয়ার স্বপ্ন একসময় অনেকের কাছেই অবাস্তব মনে হলেও শেষ পর্যন্ত সেই স্বপ্ন বাস্তব হয়েছে। মুরলিকান্ত পেটকরের চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য পরিচালক কবির খান ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। কার্তিক তাঁর এই সম্মান ভারতের প্রতিটি প্যারাঅলিম্পিয়ান এবং যারা কঠিন পরিস্থিতির মধ্যেও বড় স্বপ্ন দেখেন, তাঁদের উৎসর্গ করেছেন।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ মুরলিকান্ত পেটকরের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। চরিত্রটির জন্য কার্তিককে শারীরিকভাবে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছিল। তাঁর অভিনয় ও প্রস্তুতি সিনেমাটি মুক্তির পরও আলোচনায় ছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এটি কার্তিক আরিয়ানের প্রথম সেরা অভিনেতার স্বীকৃতি।

