তারকাদের আদালতে টানা ‘অধঃপতন’, বললেন নুসরাত ফারিয়া

জিটি ডেস্ক

প্রকাশ:

‘শাড়িকাণ্ডে’ তিশার জামিন, সরব নুসরাত ফারিয়া
‘শাড়িকাণ্ডে’ তিশার জামিন, সরব নুসরাত ফারিয়া|ছবি: সংগৃহীত

তারকাদের ব্যক্তিগত বা পেশাগত বিরোধ যখন আদালতের কাঠগড়ায় পৌঁছে যায়, তখন সেটিকে অগ্রগতির চেয়ে শোবিজের সংকট হিসেবেই দেখছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনেত্রী তানজিন তিশার ‘শাড়িকাণ্ডে’ আদালতে আত্মসমর্পণ ও জামিনের ঘটনা সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে ফারিয়া লেখেন, ‘তুচ্ছ সব বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা কেবল লজ্জাজনকই নয়, বরং শোবিজের জন্য পীড়াদায়কও।’ তার মতে, এ ধরনের ঘটনা দেশের বিনোদন অঙ্গন কতটা ভঙ্গুর ও অপরিণত হয়ে পড়েছে, তারই প্রতিফলন।

আরও পড়ুন: মাত্র একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে!’ জামিনের পর তিশার ক্ষোভ

ফারিয়া আরও বলেন, মতপার্থক্য হলেই আদালতের দ্বারস্থ হওয়াকে কোনোভাবেই প্রগতিশীলতার প্রতীক হিসেবে দেখা উচিত নয়। বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, পারস্পরিক বোঝাপড়া ও পরিপক্বতাই হওয়া উচিত প্রথম পথ। নিজের অভিজ্ঞতার কথাও হয়তো তার এই বক্তব্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে।

গত বছরের ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া। একদিন পরই জামিনে মুক্তি পান তিনি। তবে সেই অভিজ্ঞতা যে তাকে মানসিকভাবে নাড়া দিয়েছে, তা পরবর্তী বিভিন্ন বক্তব্যেও ফুটে উঠেছে।

তাই তানজিন তিশার আদালতে যাওয়ার ঘটনা সামনে আসতেই ফারিয়ার পুরোনো অভিজ্ঞতাগুলোও যেন ফিরে এসেছে। তিনি মনে করেন, জনসমক্ষে অপমান কিংবা অপ্রয়োজনীয় আইনি লড়াই নয়—শোবিজে প্রয়োজন সংলাপ, বোঝাপড়া ও দায়িত্বশীল আচরণ।

তার ভাষায়, মতপার্থক্যকে আদালত পর্যন্ত টেনে নেওয়া কোনো অগ্রগতি নয়; বরং এটি শিল্পীসমাজ ও পুরো বিনোদন অঙ্গনের জন্য ‘অধঃপতনের’ লক্ষণ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!