২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রের তালিকা, কেন্দ্র কোড নম্বর, সংশ্লিষ্ট কলেজের নাম ও কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাসহ বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তথ্য প্রকাশ করেছে।
এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা দেখুন এখানে
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল
এতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফির টাকা গ্রহণ করে জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্রসহ অলিখিত উত্তরপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।
কেন্দ্র বাতিলের তালিকা দেখুন এখানে
এতে আরও বলা হয়েছে, প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ওএমআর-এর প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে এবং উত্তরপত্রগুলো পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি
ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে সংশ্লিষ্ট সব নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে।
নতুন কেন্দ্র অনুমোদন এবং কেন্দ্র পুনঃস্থাপনের তালিকা দেখুন এখানে
এছাড়া জানানো হয়েছে, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অথবা স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা কলেজের কোনো সিনিয়র অধ্যাপক কেন্দ্রের দায়িত্ব পালন করবেন।

