এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন চলছে। আবেদন শুরুর মাত্র পাঁচ দিনেই তিন লাখের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, শনিবার বিকেল পর্যন্ত ফলাফলে অসন্তুষ্ট তিন লাখের বেশি শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে এ আবেদন করার সুযোগ পাবেন।
আরও পড়ুন: কনটেন্ট ক্রিয়েটরদের সুখবর দিল ফেসবুক, আসছে নতুন সুবিধা
অতীতের তুলনায় এত অল্প সময়ে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য এত বেশি আবেদন আগে দেখা যায়নি। গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত।
জানা গেছে, দুই দশকের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে খারাপ ফল হয়েছে। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েও ফেল করেছে প্রায় ৭ লাখ শিক্ষার্থী। এ কারণে ফল প্রকাশের পর এবার খাতা পুনর্নিরীক্ষণে (খাতা চ্যালেঞ্জ) রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে।

