ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ১০ বিশ্ববিদ্যালয়

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়
২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা শেষ হতে না হতেই শুরু হয়েছে দেশের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি যুদ্ধের প্রস্তুতি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ডিসেম্বরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি সাতটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। এছাড়া ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২৬-২৭ জানুয়ারি

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ও আবেদনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে তুলে ধরা হলো:

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হবে। ওই দিন আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে আবেদন করা যাবে ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি শুরু হবে। সেদিন ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা হবে। এরপর ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমাতে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ—এই সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা গ্রহণ করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। এদিন ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায় এবং শেষ হবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

আরও পড়ুন: এক নজরে বিশ্বের সেরা ১০ স্কলারশিপ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৯ জানুয়ারি। ওই দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’ ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি২’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চবি ক্যাম্পাসে হলেও অন্যান্য ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নেওয়া হবে। চবিতে অনলাইন আবেদন চলবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। তবে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সময়সূচি পরিবর্তিত হতে পারে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের শুরুতে অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ও ৯ জানুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদের, ২ জানুয়ারি আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের এবং ৮ জানুয়ারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মেডিকেল স্টাডিজ এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১৪ জানুয়ারি। গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মেডিকেল ও ডেন্টাল ভর্তি

আসন্ন ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক পরিকল্পনা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এই পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করবে বলে মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্রে জানা গেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!